১০৪ বার সময় নিলেন তদন্তকারী, বিচারহীনতায় ত্বকীর পরিবার
ডেস্ক রিপোর্ট | ১ জুন ২০২৬
নারায়ণগঞ্জের মেধাবী
ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমার জন্য আবারও নতুন
তারিখ ধার্য করেন আদালত। ১৩ বছর তিন মাস পেরিয়ে গেলেও মামলার তদন্ত প্রতিবেদন
দাখিলে এ পর্যন্ত ১০৪ বার সময় নেওয়া হয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।
সোমবার দুপুরে
নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী শুনানি শেষে
আগামী ১ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এর আগে গত ২৬ এপ্রিল
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার দীপক
চন্দ্র মজুমদার ৩০ দিনের সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। কিন্তু
নির্ধারিত সময়েও প্রতিবেদন দাখিল না হওয়ায় আজ আদালত পরবর্তী ধার্য তারিখে
প্রতিবেদন জমার কঠোর নির্দেশনা দেন।
এদিন আদালতে মামলার
আসামিদের মধ্যে ইউসুফ হোসেন, কাজল হাওলাদার, আবদুল্লাহ্ আল মামুন, সাফায়েত হোসেন,
মামুন মিয়া, ইয়ার মোহাম্মদ পারভেজ ও রিফাত হোসেন হাজিরা দেন। তবে সুলতান শওকত ও
সালেহ রহমান সীমান্ত নামের দুই আসামি এখনো পলাতক। নারায়ণগঞ্জ আদালত পুলিশের
পরিদর্শক আবদুস সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বলেন, “আগের ধার্য তারিখে তদন্তকারী কর্মকর্তাকে অগ্রগতির বিষয়ে জানাতে বলা হয়েছিল। কিন্তু তিনি কোনো প্রতিবেদন দেননি। তাই আমরা দ্রুত অভিযোগপত্র দাখিলের জন্য আদালতে আবেদন জানিয়েছি”।
তদন্তের এমন
দীর্ঘসূত্রতায় গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ত্বকীর বাবা রফিউর রাব্বি। তিনি
বলেন, “তদন্ত সংস্থা এ পর্যন্ত ১০৪ বার সময় নিয়েছে। গত ২৬ এপ্রিল জানানো হলো,
প্রতিবেদন তৈরিতে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতির প্রয়োজন। এই অনুমতির জন্যও কি মাসের
পর মাস সময় চলে যাবে?”
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও বিচারের বাণী নিভৃতে কাঁদায়—এমনটিই মনে করছেন স্থানীয় সচেতন মহল।
