চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
স্বপ্ন ছিল ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ এনে দেওয়া। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। নরওয়ের কাছে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর শুধু টুর্নামেন্টকেই নয়, আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানানোর ঘোষণা দিলেন নেইমার জুনিয়র।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই নিউ জার্সির মাঠে ভেঙে পড়েন ব্রাজিলিয়ান মহাতারকা। চোখের জল লুকানোর চেষ্টা করেননি। সতীর্থরা ঘিরে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও তাতে কমেনি বিদায়ের বেদনা। কারণ, এটি ছিল শুধু একটি ম্যাচের পরাজয় নয়, শেষ হয়ে গেল ব্রাজিলের জার্সিতে তার দীর্ঘ এক অধ্যায়ও।বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেন নেইমার। কিন্তু সেই গোলও পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
ম্যাচ শেষে সম্প্রচারকারী জিই টিভিকে দেওয়া প্রতিক্রিয়ায় আবেগঘন কণ্ঠে নেইমার বলেন, "চেষ্টা করেছি, চেষ্টা করেছি। কিন্তু এখানেই সব শেষ। এখান থেকেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।"।এরপরই তিনি স্পষ্ট করে জানান, ব্রাজিলের জার্সিতে তার পথচলার সমাপ্তি ঘটেছে।বিদায়ের মুহূর্তে স্মৃতির পাতাও উল্টে দেখেন নেইমার। ২০১০ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্র সফরেই তৎকালীন কোচ মানো মেনেজেসের অধীনে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। প্রায় ১৬ বছর পর সেই যুক্তরাষ্ট্রের মাটিতেই শেষ হলো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পথচলা।