অনলাইনে ‘বট সার্ভিস’: ১ টাকায় মিলছে গালি, কিনছে রাজনৈতিক দল

 

প্রতীকী ছবি

ডেস্ক রিপোর্ট | ২ জুন ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম জনপ্রিয়তায় বা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলে এখন দাপট দেখাচ্ছে ‘বট’ ও ‘পেইড কমেন্ট’ সার্ভিস। নামমাত্র মূল্যে এসব সার্ভিস কিনে ডিজিটাল প্ল্যাটফর্মে নির্দিষ্ট মতাদর্শের প্রচার বা বিদ্বেষ ছড়ানো হচ্ছে। সম্প্রতি ‘দ্য ডিসেন্ট’-এর এক অনুসন্ধানে উঠে এসেছে, মাত্র এক থেকে তিন টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে গালিগালাজসহ যেকোনো মন্তব্য।

অনুসন্ধানে দেখা গেছে, অনলাইনে সক্রিয় অন্তত ২৫টি চক্র অর্থের বিনিময়ে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলোয়ার বিক্রির ব্যবসা চালিয়ে যাচ্ছে। ‘গ্রো পালস’ ও ‘সলিউশন পয়েন্ট’-এর মতো একাধিক প্রতিষ্ঠানের প্যাকেজ অনুযায়ী, ১ হাজার বাংলাদেশি ফলোয়ার মিলছে ১৭০ টাকায়। এমনকি নেতিবাচক মন্তব্য বা গালিগালাজের জন্য প্রতি কমেন্টে খরচ পড়ছে মাত্র ১ থেকে ৫ টাকা। এসব প্রতিষ্ঠানের দাবি, রাজনৈতিক অস্থিরতা বা নির্বাচন চলাকালীন বিভিন্ন রাজনৈতিক দল তাদের কাছ থেকে নিয়মিত বট সার্ভিস গ্রহণ করে থাকে।

বট ও পেইড কমেন্ট মূলত বিশেষ সফটওয়্যার ও ‘ফোন ফার্মিং’ পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয়। সাধারণ ফেসবুক ব্যবহারকারীর ছদ্মবেশে থাকা শত শত অ্যাকাউন্ট থেকে একই সময়ে একই মন্তব্য করে সেটিকে ‘ট্রেন্ড’ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। অনেক ক্ষেত্রে বিদেশি ভুয়া প্রোফাইল বা প্রোফাইল লক করা বাংলাদেশি অ্যাকাউন্ট ব্যবহার করে কৃত্রিম জনমত তৈরি করা হচ্ছে।

তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘ফ্যাক্টওয়াচ’-এর বিশ্লেষকরা বলছেন, ফেসবুকের অ্যালগরিদম যখন দেখে কোনো পোস্টে সমন্বিত মন্তব্য পড়ছে, তখন সেটিকে জনপ্রিয় ধরে নিয়ে পোস্টটি আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দেয়। এই পদ্ধতিটিকেই রাজনৈতিক বা বাণিজ্যিক উদ্দেশ্যে ম্যানিপুলেট করা হচ্ছে।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই ধরনের সংগঠিত ডিজিটাল আক্রমণ গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনমতকে চরমভাবে প্রভাবিত ও মেরুকরণ করতে পারে। মিথ্যা প্রচারণা বা গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা এখন অনেক বেশি সহজ হয়ে পড়েছে, যা অনলাইন পরিসরের স্বচ্ছতা ও আস্থার সংকট তৈরি করছে।

তথ্যসূত্র: দ্য ডিসেন্ট

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ