শিক্ষায় ১৪.৬% বরাদ্দ, ৫ হাজার স্কুল জাতীয়করণের প্রস্তাব এনসিপির ছায়া বাজেটে
ডেস্ক রিপোর্ট | ৫ জুন ২০২৬
২০২৬-২৭ অর্থবছরের
জন্য ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার একটি উচ্চাভিলাষী ছায়া বাজেট পেশ করেছে জাতীয়
নাগরিক পার্টি (এনসিপি)। ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে
টেকসই প্রবৃদ্ধি’ শিরোনামের এই বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা ও
কর্মসংস্থান খাতকে।
শুক্রবার রাজধানীর
বাংলামোটরে দলের কার্যালয়ে বাজেট উপস্থাপন করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত
আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক
মুজাহিদ। প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে ১ লাখ ২৪ হাজার ৪২৫ কোটি টাকা
বরাদ্দের সুপারিশ করা হয়েছে, যা মোট বাজেটের প্রায় ১৪ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে ৫
হাজার বেসরকারি স্কুল জাতীয়করণ, ৫ হাজার কোটি টাকার শিক্ষক মানোন্নয়ন তহবিল গঠন
এবং প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং’ কর্মসূচি চালুর প্রস্তাব রাখা হয়েছে।
বাজেট ঘাটতি জিডিপির
৩ দশমিক ০৯ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রেখে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য
নির্ধারণ করেছে দলটি। রাজস্ব বাড়াতে টিআইএন-এনআইডি ও মোবাইল ব্যাংকিংয়ের সমন্বিত
ডাটাবেজ তৈরি, সম্পদ কর চালু এবং আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার ওপর জোর
দেওয়া হয়েছে। পাশাপাশি করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাবও
রয়েছে।
স্বাস্থ্য খাতে ২৫
শতাংশ বরাদ্দ বাড়িয়ে ৫২ হাজার ৩৩৮ কোটি টাকার প্রস্তাব করেছে এনসিপি। এর আওতায়
বরিশাল ও ময়মনসিংহে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ এবং জাতীয় স্বাস্থ্য বিমা
চালুর পরিকল্পনা রয়েছে। কৃষি আধুনিকায়নে কৃষকের সরাসরি অ্যাকাউন্টে ভর্তুকি প্রদান
এবং জ্বালানি খাতে ‘সোলার এনার্জি সোভারেনটি অ্যাক্ট’ প্রণয়নের প্রস্তাব করা
হয়েছে।
ব্যাংক খাতের
সংস্কারে খেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং রাষ্ট্রীয় ‘ব্যাড ব্যাংক’ গঠনের
রূপরেখা তুলে ধরে এনসিপি নেতারা দাবি করেন, তাদের ৭১ দফা সংস্কার প্রস্তাব
দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন ‘বাংলাদেশ ২.০’ গঠনের পূর্ণাঙ্গ রোডম্যাপ।
