কুষ্টিয়ায় বিএনপি অফিসে ককটেল হামলা, আহত ৩
ডেস্ক রিপোর্ট | ১ জুন ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুর
উপজেলায় পিয়ারপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে।
রোববার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা
হলেন মো. ফুরকান কসাই (৫৫), মো. এছেম (৫০) এবং মো. ফিরোজ (৪৮)।
স্থানীয় সূত্রে জানা
যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিয়ারপুর ইউনিয়নের সাবেক
চেয়ারম্যান জহুরুল হক এবং সাবেক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুনতাজের মধ্যে রাজনৈতিক
বিরোধ চলে আসছিল। ঘটনার সময় বিএনপি কার্যালয়ে মুনতাজের ৮-১০ জন কর্মী অবস্থান
করছিলেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এ সময় সাবেক চেয়ারম্যান জহুরুল হকের অনুসারীরা
অতর্কিতভাবে কার্যালয় লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। আহতদের উদ্ধার করে
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিষয়ে সাবেক
চেয়ারম্যান জহুরুল হক বলেন, ‘তারা নিজেরাই নিজেদের অফিসে ককটেল ফাটিয়ে আমার ও আমার
লোকজনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
তবে এ বিষয়ে মুনতাজের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
দৌলতপুর উপজেলা বিএনপির
যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে
দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
দৌলতপুর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে
পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, ‘ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয়
আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
