১০ বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার দ্বিগুণ, মহাসাগরে ‘তীব্র’ সংকট: জাতিসংঘ
মানবঘটিত বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিশ্বের মহাসাগরগুলো ‘‘তীব্র এবং দ্রুত বর্ধনশীল’’ চাপের মুখে পড়েছে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা উল্লেখ করে জাতিসংঘ সতর্ক করেছে যে, গত এক দশকের তুলনায় বর্তমানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার দ্বিগুণ হয়েছে।
বিশ্ব মহাসাগর দিবস উপলক্ষে প্রকাশিত জাতিসংঘের তৃতীয় 'ওয়ার্ল্ড ওশেন অ্যাসেসমেন্ট' (বিশ্ব মহাসাগর মূল্যায়ন) প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। এতে বলা হয়েছে, দূষণ এবং ব্যাপক মাত্রায় শিল্পভিত্তিক মৎস্য শিকারের মতো ক্রমবর্ধমান নেতিবাচক প্রভাবগুলোর কারণে সামুদ্রিক জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং সামগ্রিক মহাসাগরীয় ব্যবস্থা মারাত্মক সংকটের মুখে পড়েছে।৮৬টি দেশের প্রায় ৬০০ জন বিজ্ঞানীর ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত চালানো গবেষণার ওপর ভিত্তি করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এর আগের প্রতিবেদনটিতে (যা ২০১৮ সাল পর্যন্ত তথ্য কভার করেছিল) সামুদ্রিক পরিবেশের ক্রমাগত অবক্ষয়ের কথা বলা হয়েছিল। তবে এবারের প্রতিবেদনে দেখা গেছে, বিগত কয়েক বছরে ক্ষতির পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়েছে।