ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা শুরু হয়। ট্রাম্প অভিযোগ করেন, যুদ্ধের অবসান ঘটাতে সম্ভাব্য কোনো চুক্তি নিয়ে আলোচনায় ইরান “অতিরিক্ত সময় নিচ্ছে”, তাই যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেবে।মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার এক বিবৃতিতে জানায়, তারা ইরানের ভেতরে একাধিক লক্ষ্যবস্তুতে “অতিরিক্ত আত্মরক্ষামূলক হামলা” শুরু করেছে। সেন্টকমের দাবি, ইরানের “অযৌক্তিক ও ধারাবাহিক আগ্রাসনের” জবাব হিসেবেই এসব হামলা চালানো হচ্ছে।
নতুন হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে দেশটির শীর্ষ সামরিক কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বলা হয়, “হরমুজ প্রণালি সব ধরনের জাহাজ, এমনকি বাণিজ্যিক জাহাজের জন্যও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।”এছাড়া ইরান হুঁশিয়ারি দিয়েছে, প্রণালিটি অতিক্রমের চেষ্টা করা যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।
হামলার আগে ট্রাম্প বলেন, “গতকাল আমরা তাদের ওপর কঠোর আঘাত হেনেছি এবং আজও একইভাবে আঘাত করব।”
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরানের নেতারা একটি সমঝোতায় পৌঁছাতে “অতিরিক্ত সময় নিচ্ছেন”। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে কূটনৈতিক প্রচেষ্টার জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছে।