মুসলিম পরিচয়ে বাংলাদেশে ‘পুশইনের’ চেষ্টা, শূন্যরেখায় অনাহারে ঘুরছেন বৃদ্ধ
ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে মুসলিম নাগরিকদের বাংলাদেশে পুশইনের অভিযোগের মধ্যেই জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
কয়েকদিন ধরে তিনি দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন। প্রখর রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে এবং অনাহারে-অর্ধাহারে দিন পার করছেন প্রায় ৬০ বছর বয়সী ওই মুসলিম বৃদ্ধ। খোলা আকাশের নিচে তার দিন-রাত কাটছে আতঙ্ক, অনিশ্চয়তা ও অসহায়ত্বের মধ্যে।সীমান্তে উপস্থিত অনেকেই বলছেন, বৃদ্ধের অবস্থা দেখে মনে হচ্ছে যেন পৃথিবীতে তার কোনো দেশ নেই, কোনো আশ্রয় নেই।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ভারতের আসাম রাজ্যের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা চেন্নাইয়ের বাসিন্দা ওই মুসলিম বৃদ্ধকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। সকালে তাকে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়।
খবর পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা দ্রুত সীমান্তে অবস্থান নেন। পুশইন ঠেকাতে স্থানীয় বাসিন্দারাও তাদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে বৃদ্ধ ব্যক্তি বাংলাদেশের ভেতরে প্রবেশের চেষ্টা করলে তাকে প্রতিহত করা হয়।পরে তিনি ভারতের দিকে ফিরে গেলে বিএসএফ সদস্যরাও তাকে ধাওয়া দিয়ে আবার বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এতে দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় আটকা পড়ে যান ওই বৃদ্ধ।