‘রাষ্ট্র কেন শিশু ধর্ষণ ঠেকাতে ব্যর্থ, সিনেমা বন্ধে তৎপর ?’
ডেস্ক
রিপোর্ট | ১ জুন ২০২৬
সরাইলে
দর্শকনন্দিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আয়োজিত
মানববন্ধনে রাষ্ট্রব্যবস্থার কঠোর সমালোচনা করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ)
আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা প্রশ্ন তুলেছেন, যে রাষ্ট্র শিশু
ধর্ষণ ও বলাৎকার ঠেকাতে ব্যর্থ, সেই রাষ্ট্র কেন সিনেমা প্রদর্শনী বন্ধে মদদ দিচ্ছে?
সোমবার
বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে সর্বস্তরের জনগণের ব্যানারে
এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা
শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে
রুমিন ফারহানা বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা “বনলতা এক্সপ্রেস”।
সেই সিনেমাটি কেন বন্ধ করে দেওয়া হলো? আমি যদি প্রশ্ন করি, যেই রাষ্ট্র ৬ বছরের শিশুকে
ধর্ষণ আর বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, যেই রাষ্ট্রে দুর্নীতি ও ব্যাংক লুট বন্ধ
হয় না—সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দিচ্ছে?’
গত দুই
বছরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি মাজার ভাঙা ও উগ্রবাদের উত্থান।
আমার দেশের মাটি তো এমন ছিল না। এখানে যেমন কোরআন তিলাওয়াত চলেছে, তেমনি শিশুরা হারমোনিয়াম
নিয়ে গানও করেছে। এই বাংলাদেশকে কারা মৌলবাদের ভূমি বানাতে চায়?’
উল্লেখ্য, গত ৩০ মে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী কওমি মাদরাসার শিক্ষার্থীদের বাধায় স্থগিত করা হয়। এছাড়া কসবা উপজেলায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে সিনেমাটির প্রদর্শনী বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসিরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বক্তারা দেশে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা রোধে প্রশাসনের উদাসীনতার নিন্দা জানান।
