হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে গভীর রাতে হামলা, এনসিপির বিরুদ্ধে দায়

হামলায় ভেঙে গেছে ছাত্রদল নেতা আবদুল গাফফারের বাড়ির জানার গ্লাস

 
ডেস্ক রিপোর্ট | ৫ জুন ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আবদুল গাফফার (জিসান)-এর বাড়িতে গভীর রাতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রদল নেতা এই হামলার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা-কর্মীদের দায়ী করেছেন।

আবদুল গাফফার অভিযোগ করেন, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলায় তার বাড়িতে এ হামলা চালানো হয়েছে। সম্প্রতি রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তোলেন যে, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে তিন কোটি টাকার বিনিময়ে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য আবদুল হান্নান মাসউদ দরদাম করেছিলেন। আবদুল গাফফার এই অভিযোগটি সমর্থন করায় তিনি এনসিপি নেতাদের রোষানলে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে একদল লোক আবদুল গাফফারের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং তিনটি জানালার কাচ ভাঙচুর করে। বাড়িতে থাকা বৃদ্ধ বাবা-মা আতঙ্কে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন, তখন হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনার পর ফেসবুকে লাইভে এসে আবদুল গাফফার অভিযোগ করেন, দুর্নীতির তথ্য ফাঁস হওয়ার জের ধরে এনসিপির কর্মীরা তার বাড়িতে হামলা চালিয়েছে এবং তাকে দিনভর হুমকি দেওয়া হয়েছে।

তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন এনসিপির স্থানীয় নেতারা। হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক মো. সামছু তিব্রিজ দাবি করেন, গাফফার নিজেই এই নাটকের পরিকল্পনা করেছেন। সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ অভিযোগগুলো ভিত্তিহীন দাবি করে বলেন, “নিজের অপরাধ ঢাকতে এসব নোংরা রাজনৈতিক খেলা খেলা হচ্ছে। আমার বিরুদ্ধে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।”

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং যথাযথ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ