যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। নিখোঁজ দুইজন হলেন জামিল লিমন (২৭) ও নাহিদা এস বৃষ্টি (২৭)। বিষয়টি প্রকাশ করেছে এনবিসি নিউজ, যারা বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
পুলিশের তথ্যমতে, পিএইচডি গবেষক জামিল লিমনকে সর্বশেষ ফ্লোরিডার টাম্পায় তার বাসায় সকাল ৯টার দিকে দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় স্থানীয় হিলসবরো কাউন্টি শেরিফস অফিস একটি নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করেছে।অন্যদিকে, রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে সর্বশেষ দেখা যায়। এরপর তারও কোনো খোঁজ পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় পুলিশ তার নিখোঁজ হওয়ার ঘটনাটিও আলাদাভাবে রেকর্ড করেছে।