সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে
হোয়াইট হাউজের সাংবাদিকদের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিল্টন হোটেলে আয়োজন করা হয়েছিল নৈশভোজের। সেই হোটেলের লবিতে এসে গুলি ছোড়ে এক বন্দুকধারী। এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নিয়েছেন তার গোয়েন্দা সদস্যরা।
এ সময় উপস্থিত অনেক অতিথি আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন। ট্রাম্পকে সরিয়ে নেওয়ার পরও তারা কিছুক্ষণ ভেতরেই অবস্থান করেন।স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী।
প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা টিফেন মিলারকেও ভিড়ের মধ্য থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও নিরাপত্তা কর্মীরা দ্রুত বের করে নিয়ে যান।