পটুয়াখালীতে ‘বৈশাখী চাঁদা’ না পেয়ে ব্যবসায়ীকে মারধর, অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে
পটুয়াখালী শহরে চাঁদা না পেয়ে দোকানে হামলা এবং এক ব্যবসায়ীকে মারধর ও কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর থানাসংলগ্ন জেলা পুলিশের মালিকানাধীন মার্কেটে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় মৎস্যজীবী দলের দুই নেতাসহ কয়েকজন এ ঘটনার সঙ্গে জড়িত।আহত ব্যবসায়ী খোকন মল্লিককে (৪৪) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, জেলা পুলিশ ক্লাব মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে মুরগি বেচাকেনা করেন। জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল গাজী (৪৫), সদর উপজেলার মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম (৩৮) ও তাঁদের সহযোগীরা পয়লা বৈশাখ উদ্যাপনের কথা বলে তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে রাজি হননি। গতকাল মঙ্গলবার তাঁর মুঠোফোনে বৈশাখ উদ্যাপনের খরচ বাবদ পুনরায় চাঁদা দাবি করা হয়। গতকাল দুপুর ১২টার দিকে তিনি মুরগির দোকানে ছিলেন। এ সময় বাবুল গাজী, শামীমসহ ১০ থেকে ১২ জন তাঁর দোকানে হামলা ও ভাঙচুর চালান। এলোপাতাড়ি কিলঘুষির পাশাপাশি বাবুল গাজী চাপাতি দিয়ে তাঁর হাতে আঘাত করেন।