ইউক্রেনে ৬ শতাধিক ড্রোন দিয়ে হামলা, নিহত ১৬
রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বুধবার (১৫ এপ্রিল) রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।চার বছর ধরে চলমান যুদ্ধের শুরু থেকেই মস্কো প্রায় প্রতি রাতেই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন দিয়ে হামলা চালিয়ে আসছে। এর জবাবে কিয়েভও নিয়মিতভাবে রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলা চালায়।ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়া মোট ৬৫৯টি ড্রোন এবং ৪৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট ৬৩৬টি ড্রোন এবং ৩১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়েছে। ৩২ ঘণ্টার ইস্টার যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই বড় পরিসরে এই হামলা চালানো হয়। দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নয়জন নিহত হয়েছে বলে এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহি লাইসাক। কৃষ্ণসাগর তীরবর্তী এই শহরে হামলায় অন্তত ২৩ জন আহত হয়েছেন।
রাজধানী কিয়েভে হামলায় ১২ বছর বয়সী এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছে। শহরটির মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, এসব হামলায় অন্তত ৪৮ জন আহত হয়েছেন।
মধ্যাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে হামলায় তিনজন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে বলে আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর গানঝা টেলিগ্রামে জানিয়েছেন।