ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২২৯৫, সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২ হাজার ২৯৫ জনে দাঁড়িয়েছে। শতাব্দীর সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পের এক সপ্তাহ পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপ থেকে আর কোনো জীবিত মানুষকে উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। এই পরিস্থিতিতে দেশের মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ গতকাল বুধবার জানিয়েছেন, এই দুর্যোগে আহত হয়েছে ১১ হাজারেরও বেশি মানুষ। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে প্রায় ১৩ হাজার বাসিন্দা।তবে জাতিসংঘের আনুমানিক হিসাব অনুযায়ী, এখনো প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারাকাসের উত্তরের শহর লা গুয়াইরা। সেখানকার ধসে পড়া অধিকাংশ ভবনে এখন লাল কালিতে ইংরেজি ‘D’ (ডিক্লেয়ার্ড ডিসিজড বা মৃত বলে ঘোষিত) অক্ষরটি লিখে দেওয়া হচ্ছে। এর অর্থ হলো, এই ভবনগুলোতে তল্লাশি চালানো হয়েছে এবং সেখানে আর কোনো প্রাণের অস্তিত্ব নেই।

উদ্ধারকারী দলের বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের পর সাধারণত ৭২ ঘণ্টার বেশি কোনো মানুষের পক্ষে ধ্বংসস্তূপে বেঁচে থাকা কঠিন। তবে এর মধ্যেও অলৌকিকভাবে গত মঙ্গলবার এক শিশুকে ছয় দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে।এদিকে, তেলসমৃদ্ধ দেশ হলেও দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের কারণে ভেনেজুয়েলার স্বাস্থ্যসেবা ও অবকাঠামো আগে থেকেই বিপর্যস্ত ছিল। তার ওপর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র ছয় মাসের মাথায় এই বড় বিপর্যয় দেশটিকে চরম সংকটে ফেলেছে। দুর্যোগের পর আন্তর্জাতিক উদ্ধারকারী দল কাজ শুরু করলেও, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ঘাটতি দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বর্তমানে গৃহহীন ও দুর্গত মানুষদের মধ্যে খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। জরুরি আশ্রয়কেন্দ্রগুলোতে খাবারের জন্য মানুষ রীতিমতো সংঘর্ষে জড়িয়ে পড়ছে। একই সঙ্গে উপদ্রুত এলাকায় চুরি ও লুটপাট ছড়িয়ে পড়েছে। গত বুধবার ধ্বংসস্তূপ থেকে মূল্যবান জিনিসপত্র চুরির অপরাধে চার পুলিশ সদস্যকে হাতেনাতে ধরে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Popular posts from this blog

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান