ট্রাম্পের অনুরোধে বালোগানের নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা
আগামীকাল মঙ্গলবার ভোর ৬টায় বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামছে যুক্তরাষ্ট্র। শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড়সড় স্বস্তি পেয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। এ ম্যাচে খেলতে আর কোনো বাধা থাকল না বালোগানের সামনে। গত ২ জুলাই ভোরে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখা মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা আকস্মিকভাবে স্থগিত করেছে ফিফা। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ফিফাকে বাধ্য করায় বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। ট্রাম্প এরইমধ্যে নিশ্চিত করেছেন, বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার জন্য ফিফাকে অনুরোধ করে ছিলেন তিনি।ট্রাম্পের হস্তক্ষেপে বালোগানের লাল কার্ড স্থগিত করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা, ‘আমরা এই ধরনের এক নজিরবিহীন, অবিশ্বাস্য ও অযৌক্তিক সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করছি। লাল কার্ড পাওয়ার পর খেলোয়াড় ফোলারিন বালোগানের ওপর স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু বিষয়টি এক বছরের জন্য স্থগিত রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সব সীমা অতিক্রম করেছে।’