বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু
পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী সংস্থাগুলো ইতোমধ্যে তাদের প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) পাঠিয়েছে। এ প্রস্তাবের ওপর আজ বুধবার গণশুনানি শুরু করবে সংস্থাটি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটিশনে দুদিন ধরে এ শুনানি হবে।
দাম বাড়ানোর বিষয়ে প্রস্তাবে পাইকারি পর্যায়ে ইউনিট প্রতি এক দশমিক ২০ টাকা (১৭ শতাংশ) থেকে এক দশমিক ৫০ টাকা (২১ শতাংশ) দাম বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি গ্রাহক পর্যায়ে এক দশমিক ২৯ টাকা (১৪ দশমিক ২১ শতাংশ) থেকে এক দশমিক ৬১ টাকা (১৭ দশমিক ৭৬ শতাংশ) বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও বিইআরসি সূত্র আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছে।বিইআরসি সূত্র জানায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এবং নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) গ্রাহক পর্যায়ে মূল্যবৃদ্ধির প্রস্তাব পর্যালোচনা শুরু করেছে বিইআরসি।