চেয়ারম্যানকে খুঁজেই পায় না জনগণ, অবহেলায় বেহাল সুলতানপুর ইউনিয়নের ২২ গ্রাম
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন এখন অবহেলার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ইউনিয়নের ২২টি গ্রামের অধিকাংশ রাস্তাঘাট বেহাল অবস্থায় থাকায় প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
বিশেষ করে উত্তর জাঙ্গাল, বিরামপুর ও শিলাউর গ্রামের সড়কগুলো কাদা, ভাঙন ও অপরিকল্পিত নির্মাণের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি কষ্টে পড়ছেন বয়স্ক ও শিক্ষার্থীরা।
স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন শেখ ওমর ফারুক দীর্ঘ সময় এলাকায় অনুপস্থিত থাকেন। ইউনিয়ন পরিষদ কার্যালয়েও তাকে পাওয়া যায় না বলে দাবি করেছেন অনেকেই। ফলে উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।
এদিকে, সুলতানপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়গুলোতেও অবকাঠামোগত দুর্বলতা ও তদারকির অভাব স্পষ্ট। এতে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন সচেতন নাগরিকরা।
স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তাঘাট সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন এবং জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করা না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।