সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ:বাংলাদেশ-ভারত ফাইনালে মুখোমুখি আজ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। মালদ্বীপের মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এ ম্যাচটি। ২০২৪ সালে প্রথমবার আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেবার ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারায় লাল-সবুজের জার্সিধারীরা। এবার প্রতিপক্ষ ভিন্ন হলেও লক্ষ্য তাদের একটাই, শিরোপা ধরে রাখা। আর প্রথমবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের খোঁজে ভারত। এ পর্যন্ত সাফের সব বয়সভিত্তিক টুর্নামেন্ট মিলে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। আর বাংলাদেশ শিরোপা জিতেছে মাত্র একবার। প্রত্যাশা করা হচ্ছে, দুদলের ফাইনাল ম্যাচটি বাড়তি উত্তাপ-উত্তেজনা ছড়াবে।অপরাজিত থেকেই বাংলাদেশ ও ভারত ফাইনালে উঠেছে। সেমিফাইনালে বাংলাদেশ ১-০ গোলে হারায় নেপালকে। আর ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। এর আগে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ। আর একই গ্রুপে থাকা ভারত ৩-০ গোলে হারায় পাকিস্তান। তবে বাংলাদেশ ও ভারতের গ্রুপ পর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। গ্রুপ পর্বে দুদলের অর্জন সমান ৪ পয়েন্ট। তবে বাংলাদেশের চেয়ে গোল গড়ে এগিয়ে থাকায় গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠে ভারত। এ নিয়ে সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে চতুর্থবারের মতো ফাইনালে পরস্পরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। আগের তিন ফাইনালের প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ। সর্বশেষ গত বছর অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনালে বাংলাদেশকে টাইব্রেকারে হারায় ভারত। অতীতের রেকর্ড হতাশাজনক হলেও এবার নতুন কিছু করে দেখাতে চায় বাংলাদেশের যুবারা।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান