থানায় ঢুকে ওসির ওপর হামলার অভিযোগ যুব জামায়াত কর্মীদের বিরুদ্ধে, ৯ জনের নামে মামলা
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে পুলিশের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুব জামায়াত নেতা পলাশসহ ৯ জনকে আসামি করে মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে একজনকে। বৃহস্পতিবার (২৬ মার্চ) পলাশবাড়ী থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।পুলিশ জানায়, পৌর এলাকার কালিবাড়ি বাজারে সরকারি সেডের একটি দোকান ঘরের মালিকানা নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি নিয়ে উপজেলা যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল ইসলাম পলাশ কয়েকজনকে সঙ্গে নিয়ে বুধবার রাতে লিখিত অভিযোগ নিয়ে থানায় যান। এসময়, ওসি ও ডিউটি অফিসারের সঙ্গে কথাকাটাকাটি ও হাতাহাতি হয় তার। পরে, পলাশ বাইরে গিয়ে সমর্থকদের ডেকে আনেন। পরে, ৮-১০ জনের একটি দল থানায় ঢুকে ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খানসহ অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হয়।