জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, অডিও ফাঁস
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে পায়ে গুলি করার পরিকল্পনার কথা বলা হয়েছে—এমন একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লোহাগাড়া–সাতকানিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফাঁস হওয়া অডিওতে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কথোপকথন রয়েছে বলে দাবি করা হচ্ছে। এতে একজন নির্বাচিত সংসদ সদস্যকে উদ্দেশ্য করে সহিংস পরিকল্পনার ইঙ্গিত রয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা চলছে।প্রতিবেদকের অনুসন্ধানে অডিওতে থাকা দুই ব্যক্তির মধ্যে একজন যে আরমান উদ্দিন—তা নিশ্চিত হওয়া গেছে। তবে অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি।
অডিওর বিষয়ে জানতে চাইলে আরমান উদ্দিন বলেন, “চৌধুরী সাহেবকে কেন গুলি করতে যাবো।” পরে অডিওটি তার হোয়াটসঅ্যাপে পাঠাতে বলা হলে তিনি বলেন, “আগে আমাকে অডিওটি দেন, তারপর আমি আপনাকে বলতেছি।” তবে অডিও পাঠানোর পর তিনি আর কল রিসিভ করেননি।
সংরক্ষিত অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়—“লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করবো কেন এসেছে। লোহাগাড়ার এমপি আরমান সাহেব, এখানে আরমান সাহেবের কথাই চলবে।” জবাবে আরমান উদ্দিনকে বলতে শোনা যায়—“এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরেও লোকজনের জ্বালায় আসে।”