টাকা ছাপিয়ে ফের ধার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

টাকা ছাপিয়ে আবারও বাণিজ্যিক ব্যাংককে তারল্য সহায়তা বা ধার দেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সবশেষ গত এক সপ্তাহে ইসলামী ব্যাংককে প্রায় ৯ হাজার কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ অর্থ নতুন টাকা ছাপানোর মাধ্যমে সরবরাহ করা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এতে মূল্যস্ফীতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে গ্রাহকদের ব্যাপক আমানত উত্তোলনের চাপ সামাল দিতে বিশেষ তারল্য সহায়তা দেওয়া হয়। এর আগে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের নগদ জমা সংরক্ষণ (সিআরআর) বজায় রাখতেও ব্যর্থ হয় এবং গ্রাহকদের চাহিদামতো নগদ অর্থ পরিশোধে সংকটে পড়ে। পরে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা সহায়তা চাওয়া হলে ধাপে ধাপে ব্যাংকটিকে প্রায় ৯ হাজার কোটি টাকা দেওয়া হয়।অর্থনীতিবিদরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংক যখন নতুন টাকা সৃষ্টি করে কোনো ব্যাংককে ঋণ দেয়, তখন তাত্ত্বিকভাবে অর্থের সরবরাহ বাড়ে। উৎপাদন ও পণ্যের সরবরাহ একই হারে না বাড়লে মূল্যস্ফীতির ওপর কিছুটা চাপ সৃষ্টি হতে পারে। তবে একটি ব্যাংককে সীমিত পরিসরে দেওয়া তারল্য সহায়তার প্রভাব সামগ্রিক মূল্যস্ফীতিতে খুব বেশি দৃশ্যমান হওয়ার সম্ভাবনা কম।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক তৌকিফ আহমেদ বলেন, ইসলামী ব্যাংকের তারল্য সংকট কাটিয়ে ওঠাই এ সহায়তার মূল উদ্দেশ্য। দেশের ৬২টি ব্যাংকের মধ্যে একটি ব্যাংককে দেওয়া এ ধরনের সহায়তার কারণে সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ে না।

তিনি বলেন, তাত্ত্বিকভাবে অর্থের সরবরাহ বাড়লে চাহিদাও কিছুটা বাড়তে পারে, যা মূল্যস্ফীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে। তবে একটি ব্যাংককে সীমিত পরিসরে দেওয়া তারল্য সহায়তার কারণে বাস্তবে এর প্রভাব সাধারণত খুবই সামান্য থাকে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার