যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, নিহত ১
ধারাবাহিক গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তি নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের বহনকারী এক উবার চালকও রয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ২২ বছর বয়সি এক ব্যক্তি এখনও পলাতক। তাকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হচ্ছে।স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে শহরের প্রায় ৫ মাইল এলাকায় মোট পাঁচটি গুলির ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি গুলিবর্ষণ হয় ইন্টারস্টেট-৭০ ও ইন্টারস্টেট-৬৭০ মহাসড়কে। ঘটনাস্থলগুলো আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ অনুষ্ঠিত হওয়া অ্যারোহেড স্টেডিয়াম থেকে অন্তত ৪ মাইল দূরে ছিল।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওনকে দুই আর্জেন্টিনা সমর্থক জানান, তারা উবারে করে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাদের পাশে এসে দুটি গুলি ছোড়ে। এতে উবার চালকের পায়ে গুলি লাগে। প্রথমে তারা ভেবেছিলেন গাড়ির টায়ার ফেটে গেছে, পরে চালককে আহত অবস্থায় দেখে বিষয়টি বুঝতে পারেন।ঘটনার পর তাদের পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে জবানবন্দি নেওয়া হয়। পরে পুলিশ সদস্যরা টহল গাড়িতে করে তাদের স্টেডিয়ামে পৌঁছে দেন। পুলিশ জানিয়েছে, উবার চালকের আঘাত গুরুতর ছিল না এবং তার জীবন ঝুঁকির বাইরে।
পুলিশের তথ্য অনুযায়ী, মহাসড়কে সংঘটিত তিনটি গুলিবর্ষণের সময় গাড়িগুলো পূর্বদিকে যাচ্ছিল। বাকি ঘটনাগুলো শহরের প্রধান সড়ক ট্রুম্যান রোডে ঘটে।