শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় জালাল উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।বুধবার দুপুর সাড়ে ১২টায় ট্রাইব্যুনালের বিচারক মো: তৈয়ব আলী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের আগস্ট মাসে নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষীপুর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার দিন বিকেলে ওই শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী জালাল উদ্দিন কৌশলে শিশুটিকে ফুঁসলিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।

পরবর্তীতে শিশুটির কান্নাকাটি ও শারীরিক অবস্থা দেখে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। ঘটনার পরপরই শিশুটির মা বাদী হয়ে নাটোরের গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে ওই মামলার আইনজীবী বলেন,

দেশে যেভাবে শিশু ধর্ষণের মতো অপরাধ বেড়ে চলেছে, তা প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারের সেই নীতির আলোকেই আজকের এই রায় দেওয়া হয়েছে। আমরা মনে করি, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার বিচার পেয়েছে।

রায় ঘোষণা শেষে কড়া নিরাপত্তায় দণ্ডপ্রাপ্ত আসামি জালাল উদ্দিনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ