জার্মানিকে হারিয়ে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে ইকুয়েডর
বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে বড় অঘটনের জন্ম দিল ইকুয়েডর। শুরুতে পিছিয়ে পড়েও চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে অবিশ্বাস্যভাবে নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট। ২০০৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউটে উঠল দক্ষিণ আমেরিকার দলটি।
গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে আইভরি কোস্টের কাছে হার এবং কুরাসাওয়ের সঙ্গে ড্র করে কঠিন সমীকরণে পড়ে গিয়েছিল ইকুয়েডর। অন্যদিকে জার্মানি আগের দুই ম্যাচ জিতে আগেই শেষ ৩২ নিশ্চিত করে ফেলেছিল। ফলে কাগজে-কলমে ফেভারিট ছিল জার্মানরাই। তবে মাঠে তার উল্টো গল্প লিখেছে ইকুয়েডর।ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। নাথানিয়েল ব্রাউনের থ্রো-ইন থেকে শুরু হওয়া আক্রমণে আলেক্সান্ডার পাভলোভিচ, ফ্লোরিয়ান ভির্টজের পাসে বল পেয়ে দুর্দান্ত শটে গোল করেন সানে।
তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জার্মানরা। নবম মিনিটেই ফেলিক্স এনমেচার কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে পেদ্রো ভিতে পাস বাড়ান নিলসন আঙ্গুলোকে। বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শটে ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করে সমতায় ফেরে ইকুয়েডর। সেটিই ছিল এবারের বিশ্বকাপে তাদের প্রথম গোল।বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারিয়ে মূল আসরে জায়গা করে নেওয়া ইকুয়েডর গ্রুপপর্বে প্রত্যাশিত ছন্দে ছিল না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই নিজেদের সেরা ফুটবল খেলেছে তারা। আর সেই জয়েই নিশ্চিত হয়েছে নকআউট পর্বের টিকিট।