দ্রুতই ফেরানো হবে বেনজীরকে, নিষিদ্ধ দলের কর্মকাণ্ডে পুলিশ সতর্ক
ডেস্ক রিপোর্ট
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে
দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে বলে জানিয়েছেন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে
আলাপকালে তিনি জানান, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে আরব আমিরাত পুলিশ বেনজীর আহমেদকে
গ্রেপ্তারের পর ৩০ দিন সময় দিয়েছিল, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র তিন দিনের
মধ্যেই ১৪৪ পৃষ্ঠার প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত ও অনুবাদ করে কূটনৈতিক মাধ্যমে
আমিরাত সরকারের কাছে পাঠিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত
করেন বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমিরাত সরকার শিগগিরই বেনজীর আহমেদকে
ফেরত দেবে। এ বিষয়ে কোনো শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউএন
চার্টার (সনদ) অনুযায়ী দুই দেশই একে অপরের বন্দি বিনিময়ে অঙ্গীকারবদ্ধ এবং এর আগেও
এ ধরনের প্রক্রিয়ায় আসামি হস্তান্তর হয়েছে।
এদিকে, ২৩ জুন নিষিদ্ধঘোষিত আওয়ামী
লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সারা দেশে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার
নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা পলিটিক্যালি বলি এটা একটা
মাফিয়া পার্টি। তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তাই পুলিশ বাহিনী তার
দায়িত্ব পালন করবে”।
অপরদিকে, মোহাম্মদপুর এলাকাকে
অপরাধীদের অভয়ারণ্য থেকে মুক্ত করে নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও
মন্ত্রী উল্লেখ করেন। এছাড়া দায়িত্ব পালনে অবহেলা ও নির্যাতনের অভিযোগে চট্টগ্রাম
ও গাজীপুরের বিভিন্ন পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের
প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেন। মন্ত্রী আরও জানান, ৫ আগস্ট–পরবর্তী
সময়ে পুলিশ বাহিনী তাদের নৈতিক সাহস ফিরে পেয়েছে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী
জীবনের ঝুঁকি নিয়ে দেশসেবায় কাজ করে যাচ্ছে।
