এমপির গাড়ি আটকে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ
কুমিল্লা জেলার শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে সংসদ সদস্য হাজি জসিম উদ্দিনের গাড়ি আটকে রেখে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকেরা। এ সময় দুই ঘণ্টা আটকে ছিল এমপির গাড়ি। পরে এমপি আশ্বাস দিলে বিক্ষোভ ধর্মঘট প্রত্যাহার করে নেন বিক্ষুব্ধ শ্রমিকেরা ।শুক্রবার সকালে বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষোভ চলাকালে চালকেরা সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে প্রায় দুই ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়ে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষুব্ধ চালকদের দাবি, শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় প্রতিদিন তিন দফায় তাদের কাছ থেকে ১০০ থেকে ১২০ টাকা চাঁদা আদায় করা হয়। অথচ ১২০ টাকা নেওয়া হলেও রসিদ দেওয়া হয় মাত্র ১৫ টাকার।