নতুন কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে কাঁদলেন ছাত্রদল নেতা
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন তিনি। এবারও জেলা শাখার নতুন কমিটিতে শীর্ষ পদের একটি পাবেন—এমনটি প্রত্যাশা ছিল তাঁর। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। তাই নতুন কমিটি গঠনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে অঝোরে কেঁদেছেন তিনি। তাঁর কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুক লাইভে এসে কান্না করা এই পদপ্রত্যাশীর নাম মো. জাহিদ। তাঁর ছড়িয়ে পড়া ভিডিওটি ৯ মিনিট ২৪ সেকেন্ডের। কমিটিতে পদ না পাওয়ায় ভিডিওতে ক্ষোভ ঝাড়তে দেখা যায় তাঁকে। শনিবার রাতে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্যের নতুন কমিটির অনুমোদন হয়। এতে আবুল বারাকাতকে আহ্বায়ক, আবদুল্লাহ আল খালেদকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও হাসিবুর রহমানকে সদস্যসচিব মনোনীত করা হয়। ৩০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করার জন্য তাঁদের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
কমিটি গঠনের পর নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন আগের কমিটির যুগ্ম সম্পাদক মো. জাহিদ। তিনি দাবি করেন, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার পরও তাঁকে মূল্যায়ন করা হয়নি। নতুন কমিটিতে প্রকৃত কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। ফেসবুক লাইভে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।