ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে করা মামলায় যুবদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।

এর আগে বুধবার ভোরে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রায়গঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌকির আহম্মেদ স্বপন (৩৯) এবং মো. রাকিব (২৪)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ধানগড়া গ্রামের বাসিন্দা মাহবুবুল আলম সেখ বগুড়ার শেরপুর এলাকায় বালুর ব্যবসা করেন। অভিযুক্ত তৌকির আহম্মেদ স্বপন দীর্ঘদিন ধরে তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২ মে ভোরে মাহবুবুল আলম ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় তাঁর গতিরোধ করা হয়। এ সময় তৌকির আহম্মেদ স্বপনসহ কয়েকজন তাঁকে মারধর করেন এবং জোরপূর্বক আটকে রাখেন বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানায়, মামলার তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ