আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গতকাল শেষ হয়েছে। এই অধিবেশনের সিংহভাগ সময় ক্ষমতাসীন বিএনপি সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী আমলের শেখানো বুলিই ব্যবহার করেছে। বিএনপিকে দেখে মনে হচ্ছে—যে-ই ক্ষমতায় যায়, সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে ওঠে। বাস্তবতা হলো, আওয়ামী লীগের মতোই এখন একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি।’তিনি আরো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বারবার জামায়াত-শিবির ও বিএনপিকে রাজাকার বলত। ‘ভাগ্যের কী নির্মম পরিহাস, সেই বিএনপিই এখন ক্ষমতায় গিয়ে জামায়াত-শিবিরকে রাজাকার বলছে! তারা ভুলে গেছে যে, কিছুদিন আগেও আওয়ামী লীগ জামায়াত-শিবিরের পাশাপাশি বিএনপিকেও রাজাকার বলত। শুনেছিলাম, যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ।