মোটরসাইকেল চুরির অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে
বরিশালের মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে জিহাদুল ইসলাম খান নামের জেলা ছাত্রদল নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।জিহাদুল ইসলাম খান জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে পৌরসভার বদরপুর এলাকায় সোহেল তালুকদারের বাড়িতে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল। ওই এলাকার বাসিন্দা তানভির ইসলাম মোটরসাইকেলটির মালিক । বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম রাত প্রায় ১টার দিকে ওই মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করলে টহলরত পুলিশ তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন।এসময় তার বক্তব্যে অসংগতি থাকায় মোটরসাইকেলের মালিককে ডাকা হয়। তিনি এসে নিশ্চিত করেন, তালা ভেঙে মোটরসাইকেলটি নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এসময় পুলিশ মোটরসাইকেলসহ জিহাদকে আটক করে। এ ঘটনায় ওই মোটরসাইকেলের মালিক বাদী হয়ে গত রোববার থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্তকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।