বাঁশখালীর ‘নাগরিকত্ব’ পেলেন জামায়াত আমির

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন তিনি।সভায় উপস্থিত বাঁশখালীবাসীর উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি গেঞ্জি পরে আপনাদের সামনে এসেছি। এর মানে হচ্ছে, আমি এই এলাকার কোনো মেহমান নই। আজ থেকে আমিও বাঁশখালীর একজন মানুষ। আপনারা আমাকে নাগরিকত্ব দিতে রাাজি আছেন?’

এ সময় উপস্থিত জনতা হ্যাঁ-সূচক সম্মতি জানালে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ।’

ডা. শফিকুর রহমান বলেন, এবারের বন্যায় দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি বাঁশখালী তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এবারের বন্যায় ২৩ জন মানুষ মারা গেছেন। আমরা প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা করব এবং আগামী তিন দিনের মধ্যেই তা পৌঁছে দেওয়া হবে।’এর আগে জামায়াতে ইসলামীর আমির বন্যাদুর্গত বিভিন্ন এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেন। শুধু ত্রাণ বিতরণে সীমাবদ্ধ না থেকে কোমরসমান পানি মাড়িয়ে কয়েকটি বাড়িতে গিয়ে প্রবীণ, নারী ও শিশুদের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।

পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. শফিকুর রহমান বলেন, ‘দুর্যোগের সময় মানুষের পরিচয় একটাই—সে একজন বিপন্ন মানুষ। ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় এখানে বিবেচ্য নয়। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।’

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার