ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ভারতে পালিয়ে আত্মগোপনের পরিকল্পনা করেছিলেন বলে দাবি করেছে পুলিশ। তার কাছে ভারতের একটি আধার কার্ডও ছিল বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ডেভিড ইমন ও তার সহযোগীরা চট্টগ্রাম ছেড়ে প্রথমে ঢাকায় যান। সেখানে তারা পোশাক পরিবর্তন করেন, ব্যবহৃত গাড়ি বদলান, এমনকি চালকও পরিবর্তন করেন। এরপর খুলনা হয়ে যশোর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তবে সম্ভাব্য রুটে আগে থেকেই চেকপোস্ট বসানো থাকায় যশোরের ঝুমঝুমপুর এলাকায় তারা ধরা পড়েন।
পুলিশ সুপার বলেন, ‘ডেভিড ইমনের কাছ থেকে ভারতের একটি আধার কার্ড পাওয়া গেছে। ভারতে পৌঁছে নিরাপদে বসবাসের প্রস্তুতির অংশ হিসেবেই বড় সাজ্জাদ তাঁকে এই কার্ড দিয়েছিলেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।’পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া আধার কার্ডে ‘আজহার খান’ নামে একটি পরিচয় ব্যবহার করা হয়েছে। সেখানে ভারতের নাগরিক পরিচয়পত্রের আদলে একটি ছবি, জন্মতারিখ ও পরিচয় নম্বর রয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন কার্ডটি আসল, নকল নাকি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও প্রয়োজনীয় তথ্য বিনিময়ের উদ্যোগ নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।