মেঝেতে স্বামীর লাশ, ছুরিকাহত ছেলে—বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছিলেন চিকিৎসক স্ত্রী
ভারতের কর্নাটকের ধারওয়াড়ে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে এক চিকিৎসকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার আট বছর বয়সী ছেলেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছেলেটির মা, যিনি নিজেও একজন ডাক্তার, তিনি তখন বিছানায় শুয়ে ফোনে স্ক্রল করছিলেন। ঘটনার পর চিকিৎসক স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। খবর এনডিটিভির। পুলিশ জানায়, ধারওয়াড় শহরের কর্নাটক ইউনিভার্সিটি রোডের রাঙ্কা স্টেলো অ্যাপার্টমেন্টে ঘটনাটি ঘটে। স্বজনরা দীর্ঘ সময় ফোনে যোগাযোগ করতে না পেরে ফ্ল্যাটে গিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে অ্যানেস্থেটিস্ট ডা. কিরণ হন্নানাভার (৪৫)-কে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। অন্য একটি কক্ষে তার আট বছরের ছেলে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল। আর শিশুটির মা ও চক্ষু বিশেষজ্ঞ ডা. প্রিয়াঙ্কা বিছানায় শুয়ে মোবাইল ফোন ব্যবহার করছিলেনখবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, ডা. হন্নানাভারের গলায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আহত শিশুটিকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন।
হুব্বল্লি-ধারওয়াড় পুলিশ কমিশনার এন. শশিকুমার জানান, প্রাথমিক তদন্তে বাইরের কোনো ব্যক্তি ফ্ল্যাটে প্রবেশের প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার সময় নিরাপত্তাবেষ্টিত আবাসনে ওই দম্পতি ও তাদের সন্তান ছাড়া আর কেউ ছিলেন না।