নাটক কম করেন প্রিয়’ -প্রধানমন্ত্রীকে নাহিদ ইসলাম
জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থানের কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। এ সময় প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বললেও তা করা হচ্ছে না। নাটক কম করেন প্রিয়।’
গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থাসহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে শনিবার এগারো দলীয় জোটের বরিশাল বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।. নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সারাদেশে কর্মসূচি করছি। সবশেষ ঢাকায় সমাবেশ হবে। এর মধ্যে যদি সরকার গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে আমরা গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো। এই মুহূর্তে আমরা কঠোর কর্মসূচি দিতে চাই না, কিন্তু সরকার ক্রমশই পরিস্থিতি সেদিকে নিয়ে যাচ্ছে।’প্রধানমন্ত্রীর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন। প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। প্রধানমন্ত্রী গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। কিন্তু নির্বাচনের ফলাফলের পরে সত্তর শতাংশ মানুষ এর রায় দেওয়ার পরও তিনি জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। অন্যদিকে মুখে বলছেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। জুলাইয়ে একটি স্লোগান ছিল, নাটক কম করো প্রিয়, তারেক রহমানকে বলছি, নাটক কম করেন প্রিয়।’