ভারতীয় ঢলে ডুবেছে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা
চট্টগ্রামে বৃষ্টির তীব্রতা কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। ভারতীয় ঢলে গত এক সপ্তাহ ধরে প্লাবিত রয়েছে বাঁশখালী, সাতকানিয়া, ফটিকছড়ি, রাউজান, বোয়ালখালী, চন্দনাইশ, লোহাগাড়া, হাটহাজারি, আনোয়ারা, কর্ণফুলী ও পটিয়াসহ ১১ উপজেলার বিভিন্ন এলাকা।
জেলা প্রশাসনের হিসাবে ৭ লাখ ৫৯ হাজার মানুষ পানিবন্দি থাকলেও বাস্তবে এই সংখ্যা অনেক বেশি। এক সপ্তাহ ধরে ভয়াবহ দুর্ভোগ পোহাচ্ছে পানিবন্দি লাখ লাখ মানুষ। এই সাত দিনে শুধু চট্টগ্রামে পাহাড় ধসে ও বন্যার পানিতে ভেসে মৃত্যু হয়েছে ১১ জনের।চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার বেলা ৩টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৭ দশমিক ১ মিলিমিটার (মিমি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। বৃষ্টির তীব্রতা কমে এলেও পানি বাড়ছে প্লাবিত এলাকাগুলোতে। কারণ ভারতের ত্রিপুরা ও মিজোরামের পাহাড় থেকে ঢল নামতে শুরু করেছে। বর্তমানে শুধু ভারতীয় ঢলের কারণেই বন্যাকবলিত এলাকাগুলোর পরিস্থিতির উন্নতি হচ্ছে না।