জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচিত প্রেসিডেন্ট খলিলুর রহমান
ডেস্ক রিপোর্ট | ২ জুন ২০২৬
জাতিসংঘের সাধারণ
পরিষদের (ইউএনজিএ) পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আন্তর্জাতিক এই সংস্থায় বাংলাদেশের জন্য এটি এক
ঐতিহাসিক অর্জন। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি
সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে পরাজিত করেন।
নির্বাচনে মোট ১৯০টি
ভোট প্রদান করা হয়। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৯৯টি দেশের সমর্থন
নিয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আন্দ্রেয়াস এস কাকৌরিস
পেয়েছেন ৯১টি ভোট। এই জয়ের মাধ্যমে খলিলুর রহমান আগামী এক বছরের জন্য জাতিসংঘের
সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের নেতৃত্ব দেবেন।
ডয়চে ভেলে (DW) বাংলার
প্রতিবেদন অনুযায়ী, তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই নির্বাচনে খলিলুর রহমানের জয়
বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক সাফল্যের বহিঃপ্রকাশ হিসেবে দেখা
হচ্ছে। সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হিসেবে তিনি বিশ্বজুড়ে চলমান বিভিন্ন সংকট
নিরসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ
ভূমিকা রাখার সুযোগ পাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়
সূত্রে জানা গেছে, এই জয় বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা আরও সুসংহত করল। খলিলুর
রহমানের এই বিজয়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে অভিনন্দন বার্তা আসছে।
দায়িত্ব গ্রহণের পর তিনি বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের পক্ষ
থেকে বিশেষ কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, জাতিসংঘের এই গুরুদায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক রাজনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হবে। খলিলুর রহমান আগামী কয়েক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব বুঝে নেবেন।