আন্তর্জাতিক শ্রম সম্মেলনের নির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট বাংলাদেশ

 ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট | ২ জুন ২০২৬

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৪তম সম্মেলনে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক শ্রম ও কর্মসংস্থান খাতে এটি বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য।

গত ১ জুন জেনেভায় অনুষ্ঠিত এই নির্বাচনে ১৮৭টি সদস্য দেশের প্রতিনিধিরা বাংলাদেশের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন ব্যক্ত করেন।

সম্মেলনে ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত নাহিদা সোবহান। তাঁর সঙ্গে উরুগুয়ের শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী হুয়ান কাস্তিলো সম্মেলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট হিসেবে আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টেন কফম্যান এবং আর্জেন্টিনার জেরার্ডো মার্টিনেজ।

আইএলও কর্তৃক আয়োজিত এই বার্ষিক সম্মেলন ‘শ্রমের বিশ্ব সংসদ’ হিসেবে পরিচিত, যা সংস্থাটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম। এ বছরের সম্মেলনে প্রায় ৫ হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন, যা কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত বিশ্বের বৃহত্তম সমাবেশ।

জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের এক বার্তায় বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচন বাংলাদেশের নতুন সরকারের শ্রম অধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং আইএলও’র গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বব্যাপী পরিবর্তিত শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলা ও বহুপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ভাইস-প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ এখন থেকে এই সম্মেলনের কার্যধারা পরিচালনায় সরাসরি অবদান রাখবে এবং বিশ্বজুড়ে শ্রমিক ও কর্মক্ষেত্রের গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐকমত্য তৈরিতে কাজ করবে। শ্রম অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশের এই সাফল্য বৈশ্বিক শ্রম প্রশাসনে দেশটির প্রভাব ও মর্যাদাকে আরও সুসংহত করল।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ