সৌদি আরবের বিভিন্ন শহরের কারাগারে বর্তমানে অন্তত সাড়ে সাত হাজার প্রবাসী বাংলাদেশি বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিতে নিহত কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ গ্রহণ ও পরিবারকে সহায়তা হস্তান্তর শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন। সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে বিস্তারিত জানতে সৌদি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে রায়ের অনুলিপি চেয়ে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের সুরক্ষায় সব ধরনের কূটনৈতিক প্রয়াস অব্যাহত রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।