বাংলাদেশের ফুটবলপ্রেমে মুগ্ধ আর্জেন্টিনার রাষ্ট্রদূত
বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও উচ্ছ্বাসে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, একদিন বাংলাদেশও ফুটবল বিশ্বকাপের আসরে অংশ নেবে।
শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মাপাড় সংলগ্ন শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ডে শিমুলিয়া ঘাট ইজারাদারদের উদ্যোগে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত। স্থানীয় ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে অনুষ্ঠিত এ ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।৮ জন করে খেলোয়াড় নিয়ে গঠিত দুই দলের একটির নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন এবং অপর দলের নেতৃত্ব দেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। ২০ মিনিটের এই প্রীতি ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ৩-৩ টাইব্রেকারের মাধ্যমে খেলার সমাপ্তি ঘটে।