ড. ইউনূসের ফাঁসির দাবিতে ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি

ক্যাপশন: নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬ জন নেতা

নিজস্ব প্রতিবেদক

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতারা।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে নিষিদ্ধ সংগঠনটির ঢাবি ও হল শাখার ৬ জন নেতা এই কর্মসূচি পালন করেন। বিষয়টি নিশ্চিত করেন নিষিদ্ধ ঢাবি ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাঈম।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হামের টিকার অর্থ আত্মসাতের মাধ্যমে সুপরিকল্পিতভাবে ছয় শতাধিক শিশুহত্যার জন্য দায়ী ড. মুহাম্মদ ইউনূস। তারা অবিলম্বে তার ফাঁসির দাবি জানান।

তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে, সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও বহিষ্কারাদেশ বাতিল, রাজবন্দিদের মুক্তি, নারী ও শিশু নির্যাতনকারী এবং অনলাইন হেনস্তাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা, কোটা আন্দোলনের সুযোগ নিয়ে অবৈধভাবে দলীয় নিয়োগ বন্ধ করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক লাঞ্ছনাকারীদের বিচার করে শিক্ষকের মর্যাদা পুনরুদ্ধার করা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসরাফিল প্রাং বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখার পর আমরা তাৎক্ষণিকভাবে খোঁজ নিয়েছি। সংশ্লিষ্টদের পরিচয় শনাক্ত করা গেছে। এটি মূলত অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের একটি কর্মসূচি ছিল। তারা ক্যাম্পাসে এসে ছবি তুলে দ্রুত চলে গেছে।”

ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের এমন কর্মকাণ্ডে শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকি বা অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত আছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মানববন্ধনের বিষয়ে শেখ মোহাম্মদ নাঈম দাবি করেন, অন্তবর্তীকালীন সরকারের আমলে হামের টিকার সংকট ছিল, যার ফলে অনেক শিশু মারা গেছে। তিনি একে ‘গণহত্যার মতো অপরাধ’ হিসেবে উল্লেখ করেন। 

এছাড়া নিজেদের বিরুদ্ধে হওয়া মামলাগুলোকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে অভিহিত করেন তিনি।

গত জুলাই মাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ সরাসরি অস্বীকার করেন নাঈম। 

তিনি দাবি করেন, ছাত্রলীগের নেতাকর্মীরা কোনো অপরাধ ছাড়াই বর্তমানে ক্যাম্পাসে হয়রানির শিকার হচ্ছেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শিবলী সাদিক, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক, ঢাবি ছাত্রলীগ; রাজিব জামান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, ঢাবি ছাত্রলীগ; মুহিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, বিজয় একাত্তর হল ছাত্রলীগ; সাব্বির হোসাইন খোকা, উপ-দপ্তর সম্পাদক, মুহসীন হল ছাত্রলীগ; ইমরান হোসাইন, উপ-সাংস্কৃতিক সম্পাদক, স্যার এ এফ রহমান হল ছাত্রলীগ।

উল্লেখ্য, সন্ত্রাসবিরোধী আইনের ক্ষমতাবলে গত বছরের ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-কে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে।

 

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ