প্রথম মাসের বেতন কাদেরকে দান করলেন হাসনাত আবদুল্লাহ

সমাজের পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। সংসদ সদস্য হিসেবে পাওয়া প্রথম মাসের বেতনের সিংহভাগ তিনি বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য দান করেছেন।

শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।জানা গেছে, সমাজের মূলধারা থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা বেদে জনগোষ্ঠীকে এগিয়ে নিতে তিনি ‘Let’s Meet Gypsy Genius’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু করেছেন। এই কর্মসূচির আওতায় তার প্রথম মাসের বেতন থেকে বেদে সম্প্রদায়ের ৩৪ জন শিক্ষার্থীকে নগদ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

এছাড়া উচ্চমাধ্যমিক পাসের পর উচ্চশিক্ষায় আগ্রহী বেদে শিক্ষার্থীদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে বিশেষ শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বেদে সম্প্রদায়ের সভাপতি আলাউদ্দিন ওঝা বলেন,“সংসদ সদস্যের এমন ব্যক্তিগত উদ্যোগ ও আন্তরিকতা পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সহায়তার মাধ্যমে আমাদের সন্তানরা যাযাবর জীবনের গণ্ডি পেরিয়ে শিক্ষার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে।”