সরকারি খাল দখল করে ভবন নির্মাণ যুবলীগ নেতার
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বাজারে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ও তার বোনজামাই মফিজুল ইসলাম বেগের বিরুদ্ধে। তিন তলা ভবনের ওপরের তলায় বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের নির্যাতনের জন্য ‘টর্চার সেল’ও তৈরি করা হয়েছিল।
জানা যায়, ২০০০ সালের দিকে আওয়ামী লীগ সরকারের সময় দলীয় অফিস করার কথা বলে জায়গাটি দখল এবং তৎকালীন তহশিলদারকে চাপ দিয়ে বিএস জরিপে মফিজুল ইসলাম বেগের নামে রেকর্ড অন্তর্ভুক্ত করা হয়। এতে প্রভাব খাটিয়েছিলেন বুড়িচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ষোলনল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন।স্থানীয়দের দাবি, সিএস ও আরএস জরিপে এ সরকারি খাস জমি থাকলেও আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে বিএস জরিপে জায়গাটি বিল্লাল হোসেন তার বোনজামাই মফিজুল ইসলাম বেগের নামে করে নেন। সেখানে বাজারের মানুষের ব্যবহারের জন্য একটি পাবলিক টয়লেট ছিল। ২০১৮-১৯ সালে সেটি ভেঙে তিন তলা ভবন তৈরি করেন মফিজুল ইসলাম।
স্থানীয়রা জানায়, মফিজুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতি করলেও কোনো পদ-পদবীতে ছিলেন না। তিনি শ্যালক বিল্লাল হোসেন চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে ওই খাস জায়গাতে ভবন নির্মাণ করেছেন।