কাঁদতে আসিনি, বিচারের দাবি নিয়ে এসেছি: মাসুমা হাদি
আমরা এখানে কাঁদতে আসিনি, বিচারের দাবি নিয়ে এসেছি। শুধু দাবি নয়, বিচার নিয়েই ঘরে ফিরবো’—এমন মন্তব্য করেছেন জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির ছোট বোন শরীফ মাসুমা হাদি।
বৃহস্পতিবার (৭মে) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রধান ফটকের সামনে শহীদ ওসমান হাদি হত্যার বিচারহীনতার প্রতিবাদে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।সমাবেশে মাসুমা হাদি বলেন, যে ওসমান হাদি বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইল হাঁটতে চেয়েছিলেন, ইনসাফের জাল বুনতে চেয়েছিলেন, এমনকি শত্রুকেও ইনসাফ দিতে চেয়েছিলেন—সেই ওসমান হাদির ইনসাফ আজ কোথায়? ভারতের সহযোগিতায় বাংলাদেশের মীরজাফরদের হাত ধরে হাদিকে হত্যা করে খুনিরা কীভাবে ভারতে পালিয়ে যায়, সেটি রাষ্ট্রকে স্পষ্ট করতে হবে।’
তিনি আরো বলেন, খুনি ফয়সাল একজন ভাড়াটে খুনি। টাকার বিনিময়ে সে হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু তাকে নির্দেশদাতারা কারা? কারা পরিকল্পিতভাবে হত্যার পর তাকে নিরাপদে ভারতে পৌঁছে দিয়েছে— সেটি জাতির সামনে প্রকাশ করতে হবে। ওসমান হাদি শুধু আমার ভাই নন, তিনি সমগ্র বাংলাদেশের ভাই। দেশের ১৬ কোটি মানুষ হাদি হত্যার বিচার চায়।