এমপির গাড়িতে হামলা: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার আরো ৩
নেত্রকোণার পূর্বধলায় সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িতে হামলা, ভাঙচুর এবং দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ও সাবেক যুগ্ম আহ্বায়কসহ আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ও সোমবার ভোরে নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—সাজু আহমেদ (৩৬), সোলায়মান কবীর পাপ্পু (৩০) ও আইয়ুব আলী (৪০)। এদের মধ্যে সাজু আহমেদ মামলার ৩ নম্বর আসামি এবং তিনি উপজেলা ছাত্রদলের সদস্যসচিব। সোলায়মান কবীর পাপ্পু মামলার ১০ নম্বর আসামি এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। আইয়ুব আলী মামলার ৪০ নম্বর আসামি এবং উপজেলার লাউজানা গ্রামের ওয়ার্ড কৃষক দলের সভাপতি।
নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি দেবাংশু জানান, সোমবার ভোরে পূর্বধলা এলাকা থেকে অভিযান চালিয়ে দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।
অন্যদিকে, পূর্বধলা থানার ওসি দিদারুল ইসলাম জানান, রোববার রাতে উপজেলার নারায়ডহর এলাকায় অভিযান চালিয়ে আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় এমপির সহকারী বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা করেন। মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।