স্বপ্ন ছিল গ্রিস: ভিটেমাটিও গেল সঙ্গে ১৮ লাখ টাকাও, সন্তান হারালেও লাশ পাবেন না দুলন মিয়া

স্বপ্ন ছিল গ্রিস: ভিটেমাটিও গেল সঙ্গে ১৮ লাখ টাকাও, সন্তান হারালেও লাশ পাবেন না দুলন মিয়াএবার ইউরোপের নীল জলরাশি আর সোনালি ভবিষ্যতের স্বপ্নে বিভোর সুনামগঞ্জের ১২ জন তরুণের জীবনপ্রদীপ চিরতরে নিভে গেছে উত্তাল ভূমধ্যসাগরে। প্রিয়জনদের নিথর দেহগুলো শেষবারের মতো দেখার সুযোগটুকুও হারিয়েছে পরিবারগুলো। যার ফলে সুনামগঞ্জ জেলা জুড়ে এখন কেবলই শোকের মাতম আর বুকফাটা আর্তনাদ। জানা যায়, লিবিয়া হয়ে সমুদ্রপথে ইউরোপ পাড়ি দেওয়ার এই ভয়ঙ্কর নেশা কেড়ে নিয়েছে এই ১২টি তাজা প্রাণ। এই মর্মান্তিক ট্র্যাজেডিতে সুনামগঞ্জের আকাশ–বাতাস এখন বিলাপ আর কান্নায় ভারী হয়ে উঠেছে। এদিকে নিহতদের একজন নাঈম আহমেদ (২৪)। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মাঝপাড়া গ্রামের দুলন মিয়ার তিন সন্তানের মধ্যে সবার ছোট তিনি। গ্রামে বাবার চায়ের দোকানে সহযোগিতা করতেন তিনি। তবে এলাকার আরও কয়েকজনের সঙ্গে গ্রিসে যাওয়ার স্বপ্ন দেখেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে ৭ ডিসেম্বর ঢাকা ছাড়েন এই তরুণ। এ জন্য দুলন মিয়া ১৬ শতকের ঘর–ভিটা বন্ধক রাখেন। নাঈমকে গ্রিসে পাঠানোর জন্য ১৮ লাখ টাকা দালালকে দিয়েছেন তিনি। দুলন মিয়া বলেন, ছেলেও গেল, বাড়িঘরও হারালাম। ঋণ শোধ করে ভিটেমাটি উদ্ধার করার মতো অবস্থা আমার নেই। ছেলের লাশও পেলাম না। তিনি আরও বলেন, যাওয়ার সময় ছেলের হাতে ৭০০ ডলার দিই। ২৫ হাজার টাকা দিয়ে মোবাইল সেট কিনে দিয়েছি। বাংলাদেশ থেকে যাওয়ার পর থেকে একবারও ছেলের সঙ্গে কথা হয়নি। তবে অন্যের মোবাইল দিয়ে মেসেজ পাঠাত। খাবার ও পানির কষ্টের কথা বলত। দেশে ফিরিয়ে আনার আকুতি জানাত। ২০ মার্চ সর্বশেষ খুদে বার্তা পাঠায়।


নৌকায় চড়ে ইউরোপের উদ্দেশে সাগর পাড়ি দিতে চেয়েছিলেন নাঈমের মতো আরও অনেক বাংলাদেশি। দালালরা অনেক বড় স্বপ্ন দেখিয়ে তাদের বাংলাদেশ থেকে লিবিয়া পর্যন্ত নিয়ে যায়। সাগর পথে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে অন্তত ১৮ জন বাংলাদেশি মারা গেছেন। নিহত কারও লাশ মেলেনি। সাগরে নিথর দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে। গণমাধ্যম সূত্রে জানা যায়, রাবারের নৌকায় করে লিবিয়া থেকে সাগরপথে গ্রিসের দিকে নেওয়া হচ্ছিল কিছু বাংলাদেশিকে। এদের মধ্যে মৃত ১৮ জনকে দুদিন নৌকায় রেখে পরে তাদের লাশ সাগরে ফেলে দেওয়া হয়। জীবিত উদ্ধার ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে রাখা হয়েছে গ্রিসের একটি ক্যাম্পে। তাদের মধ্যে অনেকেই গুরুতর অসুস্থ। 

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি