ইসরাইলে কারাবন্দি ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের বিল পাস
ইসরাইলি কারাগারে বন্দি হওয়া ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়ে দেশটির পার্লামেন্ট নেসেটে বিল পাস করা হয়েছে। নতুন বিলটি কার্যকর হলে ছয় দশকের বেশি সময় পর দেশটিতে আবার মৃত্যুদণ্ড কার্যকর শুরু হতে পারে।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় অধিবেশনে ভোটের মাধ্যমে বিতর্কিত এ বিলটি পাস করা হয়।সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, এ সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিবেশনে উপস্থিত হয়ে প্রকাশ্যে বিলটির পক্ষে ভোট দিয়ে সমর্থন জানান।
বিলটি পাস হওয়া ইসরাইলের কট্টর ডানপন্থীদের জন্য বড় বিজয়। কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও তার দল ওৎজমা ইহুদিতের উদ্যোগে বিলটি নেসেটে উত্থাপন করা হয়। দলটির দাবি, এই আইন সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা রাখবে এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করবে।